দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলে দ্রুত বাড়ছে নদ-নদীর পানি। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
ঝুঁকিতে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা। এদিকে আগামী কয়েক দিন দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি ভারতের উজানেও ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে নদ-নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের ২৪৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১২৭টিতে নদীর পানি বেড়েছে। তাই নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।