কক্সবাজারে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরে একদিকে পাহাড়ধসে প্রাণ গেছে ৯ জনের, অন্যদিকে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে উখিয়ার রোহিঙ্গা শিবিরে। পৃথক কয়েকটি পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৮ জন রোহিঙ্গা এবং কক্সবাজার শহরে আরও একজন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
এদিকে টানা বর্ষণে উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে হাঁটুসমান পানি ঢুকে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে খাদ্য, কাপড়, বিছানাসহ প্রয়োজনীয় সামগ্রী। কাদা ও জলাবদ্ধতায় চলাচলও প্রায় অচল হয়ে পড়েছে। প্রশাসন, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সহায়তাকারী সংস্থা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে। আবহাওয়ার পরিস্থিতি অপরিবর্তিত থাকায় নতুন করে পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় না থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।