বিশ্বকাপের ফাইনালে এবার শুধু ফুটবল নয়, অপেক্ষা করছে নতুন ইতিহাসও। প্রথমবারের মতো ম্যাচের বিরতিতে অনুষ্ঠিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের বিরতিতে মঞ্চে উঠবেন বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।
এছাড়াও থাকছেন নাইজেরিয়ার বার্না বয়, ভেনেজুয়েলার অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল, পিএস বাইশ কোরাস এবং শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসেমি স্ট্রিটের চরিত্রগুলো। এই বিশেষ আয়োজনের পরিকল্পনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার জন্য গঠিত শিক্ষা তহবিলে ব্যয় করা হবে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এমন আয়োজন ফুটবলপ্রেমীদের জন্য ফাইনালের উত্তেজনায় যোগ করছে নতুন মাত্রা।