বিশ্বকাপের সেমিফাইনাল শুরুর আগেই উত্তাপ ছড়াল স্পেন শিবির। ফ্রান্সকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। বেলজিয়ামকে হারিয়ে শেষ চার নিশ্চিত করার পর ইয়ামাল বলেন, ভয় যদি কারও পাওয়ার থাকে, তাহলে ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত। তার দাবি, সাম্প্রতিক দুই বড় আসরে স্পেনই ফ্রান্সকে বিদায় করেছে এবং এবারও তাদের কোনো ভয় নেই।
ইয়ামাল আরও বলেন, এবারের বিশ্বকাপে সেরা দুই দলই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। তবে স্পেন নিজেদের সামর্থ্য সম্পর্কে পুরোপুরি আত্মবিশ্বাসী। স্পেনের প্রধান প্রশিক্ষকও বলেছেন, ফ্রান্স শক্তিশালী দল হলেও তাদের হারানোর ক্ষমতা স্পেনের আছে। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ফ্রান্স। সব মিলিয়ে, বিশ্বকাপের এই মহারণের আগে কথার লড়াইয়ে এগিয়ে স্পেন। এখন দেখার অপেক্ষা, মাঠের লড়াইয়ে শেষ হাসি হাসে কে।