রাজধানীর যানজট কমাতে এবং সড়ক ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে নতুন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি ঢাকার আরও অন্তত ৫০টি স্থানে দ্রুত স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেতবাতি চালুর নির্দেশ দেন।
বৈঠকে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। ইটভাটাজনিত দূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে যানজট কমানো, দূষণ নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।