বিশ্বকাপ শেষ হতেই অর্থ আয়ের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি বিশ্বকাপ থেকে সংস্থাটির রাজস্ব দাঁড়াচ্ছে রেকর্ড ১৫ বিলিয়ন মার্কিন ডলার, যা টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত ১১ বিলিয়ন ডলারের লক্ষ্যকেও অনেকটাই ছাড়িয়ে গেছে।
জানা গেছে, অতিরিক্ত আয়ের বড় অংশ এসেছে আতিথেয়তা সেবা এবং টিকিট বিক্রি থেকে। বিশেষ করে টিকিটের পুনর্বিক্রয় বাজারে ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষের কাছ থেকেই ১৫ শতাংশ করে ফি নেওয়ায় ফিফার আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশ্লেষকদের মতে, এই অতিরিক্ত অর্থের একটি অংশ সদস্য ফুটবল সংস্থাগুলোর উন্নয়নেও ব্যয় হতে পারে। একই সঙ্গে রেকর্ড আয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান আরও শক্তিশালী করবে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে, ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও জোরালো হয়েছে। পাশাপাশি ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফার আলোচনা চলছে।