জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো পথে ফিরলে সেই রাজনীতি টিকবে না। তিনি জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোট রাজনৈতিক সমঝোতা ছাড়াই এবং অবৈধ আদেশের ভিত্তিতে আয়োজন করা হয়েছিল, যা সংবিধানসম্মত নয়। তিনি বলেন, সংবিধানিক কাঠামোর বাইরে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। একই সঙ্গে যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি করছে, কিন্তু সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নেয়নি, তাদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া মব সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, আইন প্রতিষ্ঠার মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং আগামী সংসদ অধিবেশনে পূর্ণাঙ্গ গুম প্রতিরোধ আইন আনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।