শেখ হাসিনার সঙ্গে কথিত টেলিফোন আলাপের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি দাবি করেছেন, পুরো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। রাষ্ট্রপতির ভাষ্য, যদি কারও সঙ্গে কথা বলতেই হতো, তবে বাংলাদেশ থেকেই বলা যেত। এ জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তিনি আরও বলেন, এ ধরনের কোনো প্রতিবেদন তার নজরেও আসেনি।
রাষ্ট্রপতি অভিযোগ করেন, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন খবর ছড়িয়ে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, অভিযোগের পক্ষে কেউ তথ্য-প্রমাণ দিতে পারলে জনগণের যে কোনো রায় তিনি মেনে নেবেন। এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।