জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া মোট ৮০টি মামলার মধ্যে এখন পর্যন্ত ৭টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় মোট ৫৯ জন আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। অন্যদের সাজা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে।
আইনমন্ত্রী আরও জানান, বাকি ৭৩টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ২২টি মামলা রয়েছে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং ৫১টি মামলা এখনো তদন্তাধীন। মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ১৭৪ জন, পলাতক রয়েছেন ২৮৮ জন। এ ছাড়া একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং একজন খালাস পেয়েছেন। আজ রোববার নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে জাতীয় সংসদে এসব তথ্য উপস্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।