২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি, আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন।
ঘোষিত সূচি অনুযায়ী, এসএসসির লিখিত পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ১১ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। অন্যদিকে, এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই এবং ব্যবহারিক পরীক্ষা শেষ করার সময়সীমা রাখা হয়েছে ১৮ জুলাই পর্যন্ত।
শিক্ষামন্ত্রী জানান, সেশনজট কমানো এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম সচল রাখতেই এই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় আলাদা পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।