News কোরবানির ঈদ ২৮ মে, দেশজুড়ে প্রস্তুতি শুরু

কোরবানির ঈদ ২৮ মে, দেশজুড়ে প্রস্তুতি শুরু

সোশ্যাল শেয়ার

ঈদুল আজহা ২৮ মে, টানা ৭ দিনের ছুটি ঘোষণা

দেশজুড়ে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি। এরই মধ্যে বড় দুই ঘোষণা এসেছে একসঙ্গে। চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। আর ঈদ সামনে রেখে বাজারে নতুন টাকার নোট ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস, আর ২৮ মে পালিত হবে কোরবানির ঈদ।

এদিকে ঈদ উপলক্ষে নতুন গভর্নরের স্বাক্ষরযুক্ত এক হাজার, পাঁচশ ও দশ টাকার নতুন কাগুজে নোট বাজারে ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যায়ক্রমে বিশ, পঞ্চাশ ও একশ টাকার নতুন নোটও ছাড়া হবে। তবে নোটের রং, আকার ও নিরাপত্তা বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আনা হয়নি।

সরকার ইতোমধ্যে ঈদের ছুটি নিয়েও প্রজ্ঞাপন জারি করেছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ঈদের আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানেও মিলছে দীর্ঘ ছুটি। স্কুল, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। আর মাদরাসাগুলোতে ছুটি থাকবে ১১ জুন পর্যন্ত। ফলে শিক্ষার্থীরা পাচ্ছে টানা দীর্ঘ অবকাশ। অন্যদিকে সংবাদপত্র শিল্পেও ঘোষণা এসেছে পাঁচ দিনের ঈদ ছুটির। ২৭ থেকে ৩০ মে পর্যন্ত পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন।

সোশ্যাল শেয়ার