চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে ভয়াবহ বন্যায় একটি সাপের খামার তলিয়ে যাওয়ার পর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে শত শত সাপ। পালিয়ে যাওয়া সাপের মধ্যে রয়েছে বিষধর গোখরা, কিং র্যাট সাপ ও পানিসাপ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টি ও বন্যার পানিতে খামার প্লাবিত হওয়ায় সাপগুলো লোকালয়ে চলে আসে। ইতোমধ্যে কয়েকজন সাপের কামড়ে আহত হয়েছেন। কিছু গণমাধ্যমে একজনের মৃত্যুর খবর এলেও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বাসিন্দাদের সাপ না ধরার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত বিষনাশক ওষুধ মজুত রাখা হয়েছে এবং উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এদিকে একই দুর্যোগে গুয়াংসি অঞ্চলে অন্তত ছয়জনের মৃত্যু, প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশজুড়ে বন্যা, ভূমিধস ও ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৮ জনে।