পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক—এমন মন্তব্য করেছেন তারেক রহমান। বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে জানিয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে বিদায় জানিয়েছেন ১৪৩২-কে, স্বাগত জানিয়েছেন নতুন বছর ১৪৩৩-কে।
প্রধানমন্ত্রী বলেন, বৈশাখ শুধু উৎসব নয়—এর সঙ্গে জড়িয়ে আছে কৃষি, প্রকৃতি ও গ্রামীণ অর্থনীতির গভীর সম্পর্ক। এই দিনে বাংলার হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ নতুন করে জেগে ওঠে। তিনি আরও বলেন, বৈশাখী মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো আয়োজন জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে।
বাণীতে সরকারপ্রধান জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের জন্য নতুন কর্মসূচিও চালু হচ্ছে নববর্ষ থেকেই। বিশ্বের বর্তমান অস্থিরতার প্রেক্ষাপটে তিনি শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চার ওপর গুরুত্বারোপ করেন। নতুন বছরে সব বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।