দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সচিবালয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে গণমাধ্যমের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। সম্পাদক পরিষদের পক্ষ থেকে অংশ নেন সভাপতি নূরুল কবীর, সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, মাহফুজ আনাম, মতিউর রহমান চৌধুরী, মতিউর রহমান, শামসুল হক জাহিদ, এ এম এম বাহাউদ্দীন, মোজাম্মেল হক এবং রুশো মাহমুদসহ শীর্ষ সম্পাদকরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বৈঠকের তথ্য প্রকাশ করা হয়েছে। তবে বৈঠকে কী কী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত জানানো হয়নি।