পঞ্চগড়ের বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। নারী ও শিশুসহ ১০ জন মানুষ প্রায় ৫৯ ঘণ্টা ধরে শূন্যরেখার খোলা আকাশের নিচে অবস্থান করছেন। গত শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে সীমান্তে কড়াকড়ি থাকায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। ফলে দুই দেশের মাঝামাঝি শূন্যরেখাতেই আটকে পড়েছেন তারা।
আটকে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ, দুই নারী এবং তিন শিশু। রোদ, বৃষ্টি ও পানি জমে থাকা জমির আইলে মানবেতর অবস্থায় দিন কাটছে তাদের। খাবার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনা সমাধানে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতকে তাদের ফিরিয়ে নিতে বলা হলেও তারা রাজি হয়নি। অন্যদিকে বাংলাদেশও আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া তাদের গ্রহণ করবে না বলে অবস্থান জানিয়েছে। এদিকে দ্রুত মানবিক সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।