সামাজিক মাধ্যমে গুজব, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি, ভিডিও ও শব্দবার্তার বিস্তার ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নতুন আইনে গুজব, অপতথ্য ও মানহানিকর তথ্যের নতুন সংজ্ঞা নির্ধারণ করা হবে। পাশাপাশি এসব তথ্য তৈরি, প্রকাশ ও প্রচারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হবে। আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকেও নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিকর তথ্য অপসারণে বাধ্য করার বিধান আনা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে একই দিনে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রতিবেদনটি মূলত সংবাদপত্রের কাটিংয়ের ওপর ভিত্তি করে তৈরি এবং এতে নিজস্ব তদন্ত নেই। মন্ত্রী আরও দাবি করেন, তার কাছে থাকা বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের তুলনায় বর্তমানে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অনেক ধরনের অপরাধ কমেছে।