আগামী বছরের এপ্রিল মাসে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিত অংশে নিয়মিত যাত্রীসেবা শুরু হবে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। এর আগে আগামী বছরের জানুয়ারি থেকে উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত পুরো পথে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হবে। যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় এই পরীক্ষা পরিচালিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জুন পর্যন্ত বর্ধিত অংশের প্রায় ৭৭ শতাংশ কাজ শেষ হয়েছে। কমলাপুর স্টেশনের মূল কাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রবেশ ও বের হওয়ার পথ, ভেতরের সাজসজ্জা, রঙ এবং অন্যান্য অবকাঠামোগত কাজ। এ ছাড়া খুব শিগগিরই স্বয়ংক্রিয় দরজা, সংকেত ব্যবস্থা ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে রেলপথ বসানোর কাজও শেষ হওয়ার আশা করা হচ্ছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের এপ্রিলেই উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত পূর্ণ পথে চলবে দেশের প্রথম মেট্রোরেল।