শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার আলোচিত মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেন, কাঙ্ক্ষিত বিচার পেয়েছেন এবং দ্রুত রায় কার্যকরের প্রত্যাশা করছেন। বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করা সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার জানিয়েছে, তারা উচ্চ আদালতে আপিল করবে। সোহেলের বাবা জাকির হোসেন বলেন, ছেলের জন্য প্রাণভিক্ষা চান তারা। তবে আপিল পরিচালনার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই বলেও দাবি করেন তিনি।
আদালত সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন। এই অর্থ ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাত্র ষোল দিনের বিচারিক কার্যক্রম শেষে আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হলো, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।