News রমজানের তৃতীয় জুমায় মুসল্লিশূন্য ছিল পবিত্র আল-আকসা

রমজানের তৃতীয় জুমায় মুসল্লিশূন্য ছিল পবিত্র আল-আকসা

সোশ্যাল শেয়ার

ছবি: সংগৃহীত

ইরানের সম্ভাব্য হামলার অজুহাতে টানা অষ্টম দিনের মতো অবরুদ্ধ করে রাখা হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। শুক্রবার, ৬ মার্চ রমজানের তৃতীয় জুমার নামাজ আদায়ে ফিলিস্তিনিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েলি পুলিশ ও প্রশাসন। কর্তৃপক্ষের দাবি, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ও জরুরি অবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুরো আল-আকসা প্রাঙ্গণ জনমানবহীন। ভোরের আজান ধ্বনিত হলেও কোনো মুসল্লিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। সূর্যোদয়ের পর বিশাল চত্বর খালি পড়ে থাকার দৃশ্য ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছে। এর আগে রমজানের প্রথম ও দ্বিতীয় জুমায়ও কঠোর বিধিনিষেধ ছিল। সে সময় পশ্চিম তীরের পুরুষদের ক্ষেত্রে ৫৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৫০ বছর বয়সসীমা নির্ধারণ করে মাত্র ১০ হাজার মানুষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

ফিলিস্তিনি আন্দোলনকর্মীদের অভিযোগ, ইসরায়েল মূলত আল-আকসা বন্ধ করার একটি অজুহাত খুঁজছিল এবং এখন ইরান সংঘাতকে সামনে এনে সেই কাজই করছে।পর্যবেক্ষকদের মতে, রমজানে তারাবিহ ও জুমার নামাজ বন্ধ করা শুধু নিরাপত্তা ইস্যু নয়, বরং আল-আকসার ঐতিহাসিক ‘স্ট্যাটাস কো’ পরিবর্তনের গভীর পরিকল্পনার অংশ।

সূত্র: আল জাজিরা

সোশ্যাল শেয়ার