রাজধানীর রমনার বটমূল-এ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ছায়ানট-এর বর্ষবরণ অনুষ্ঠান। ভোরের আলো ফুটতেই সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান দিয়ে শুরু হয় নতুন বছর ১৪৩৩-কে বরণ। একে একে পরিবেশিত হয় রবীন্দ্র, নজরুল, লালনসহ নানা ধারা ও লোকসংগীত।
এবারের প্রতিপাদ্য— চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। প্রায় ২০০ শিল্পীর অংশগ্রহণে মোট ২২টি গান ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীর ঢল। ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ মিলিত হন এক উৎসবে।
এদিকে অনুষ্ঠানে এসে ছায়ানট সভাপতি সারওয়ার আলী বলেন— কোনো অপশক্তিই বাঙালির সংস্কৃতিকে থামাতে পারবে না। তিনি জোর দেন, সংস্কৃতির সব প্রকাশ যেন থাকে নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত। ১৯৬৭ সাল থেকে চলা এই আয়োজন আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক শক্ত প্রতীক— যেখানে নতুন বছরের সঙ্গে জেগে ওঠে আশার আলো।