শেষ বিদায়ের সব প্রস্তুতি সম্পন্ন। আজ রাষ্ট্রীয় মর্যাদায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। গত কয়েকদিন ধরে তেহরান, কোম এবং ইরাকের নাজাফ ও কারবালায় লাখো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হয়।
খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের কয়েক সদস্যসহ নিহত হন। যুদ্ধ পরিস্থিতির কারণে তখন দাফন স্থগিত রাখা হয়েছিল। যুদ্ধবিরতির পর রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্যের আয়োজন করে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, খামেনির ইচ্ছা অনুসারেই তাকে জন্মস্থান মাশহাদের ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে সমাহিত করা হচ্ছে। এর আগে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও একই স্থানে দাফন করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, এই রাষ্ট্রীয় শেষকৃত্য শুধু শোকের আয়োজন নয়, বরং জাতীয় ঐক্য ও রাজনৈতিক বার্তা তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ আয়োজন।