দেশজুড়ে হামের প্রকোপ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজারের বেশি শিশুর শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত এক দিনে ৯১৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
একই সময়ে ১১৭ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে এক দিনে মোট আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫২২ শিশু। নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে আরও ৯১ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৭ হাজার ৭৯১ জনের শরীরে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৬২০ জনের। এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুইজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ক্রমাগত বাড়তে থাকা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা স্বাস্থ্যখাতে নতুন উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।