বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, নিয়মবহির্ভূতভাবে মানুষ ঠেলে পাঠানোর চেষ্টা বন্ধ করতে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, সীমান্তে এমন প্রচেষ্টা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী দৃঢ়ভাবে প্রতিহত করছে। অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠানোর আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে, সেটি মেনেই কাজ করতে হবে।
এদিকে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সীমান্তবর্তী বিভিন্ন নিবাসকেন্দ্র থেকে ইতোমধ্যে ৪ হাজার ৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং আরও ৮৩৬ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতির মধ্যেই নয়াদিল্লিতে শুরু হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক। বিশ্লেষকদের মতে, সীমান্ত ও পুশইন ইস্যু এখন দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।