বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে দুই–শূন্য গোলে হেরে বিদায় নেওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। রাজধানী প্যারিস ও লিওঁসহ কয়েকটি এলাকায় সমর্থকদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে দুই শহর মিলিয়ে অন্তত একশ ষাট জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুধু প্যারিসেই আটক হয়েছেন একশ একচল্লিশ জন। পুলিশের তথ্য অনুযায়ী, অধিকাংশের বিরুদ্ধে পুলিশ ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার এবং বিভিন্ন বস্তু নিক্ষেপের অভিযোগ রয়েছে।
লিওঁর প্লাস বেলকুর চত্বরে খেলা শেষে উত্তেজনা ছড়িয়ে পড়লে দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী মোতায়েন করা হয়। পরে অভিযান চালিয়ে প্রায় বিশ জনকে আটক করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক ব্যক্তিদের বেশির ভাগই তরুণ। তবে স্বস্তির খবর, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি এবং বড় ধরনের সম্পদের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।