ত্রয়োদশ জাতীয় সংসদে কোটিপতি সদস্যের হার প্রায় ৮০ শতাংশ—তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়—নির্বাচিত ২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি এবং ১৩ জন শতকোটিপতি। অর্থাৎ মোট ৭৯.৪৬ শতাংশ এমপি কোটি টাকার মালিক। এছাড়া অর্ধেকেরও বেশি সদস্যের ঋণ রয়েছে—মোট দায়ের পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা, যা গত চার সংসদের মধ্যে সর্বোচ্চ।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ সংসদ সদস্য ব্যবসায়ী পেশার। নারী প্রতিনিধিত্ব মাত্র ২.৩৬ শতাংশ—যা নবম সংসদের তুলনায় অর্ধেকেরও কম। তবে সংসদ তুলনামূলক তরুণ—৭০ শতাংশই প্রথমবারের মতো নির্বাচিত।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ৯৯ শতাংশ প্রার্থী আচরণবিধির কোনো না কোনো ধারা লঙ্ঘন করেছেন। প্রচারণা ব্যয়ের সীমা ১৯ শতাংশ থেকে ৩২৮ শতাংশ পর্যন্ত অতিক্রমের অভিযোগও উঠে এসেছে। সব মিলিয়ে—নির্বাচন গ্রহণযোগ্য হলেও অর্থ, পেশী ও ধর্মের প্রভাব এবং আচরণবিধি লঙ্ঘনের চিত্রে নতুন করে প্রশ্ন উঠছে দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে।