বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় রয়েছে দিল্লি। এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের সরকারের বিষয়। তবে ভারত বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং খুব শিগগিরই এই সফর বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদী।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকসের অষ্টাদশ শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীনেশ ত্রিবেদী আরও বলেন, দুই দেশের সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি ও জনগণের বন্ধনে গভীরভাবে যুক্ত। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, সাংস্কৃতিক সহযোগিতা, ক্রিকেট এবং জনগণের যাতায়াত সহজ করতে ভিসা কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। এদিকে, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে কি না, সে বিষয়ে এখনো বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।