রমজানে স্কুল খোলা থাকবে নাকি বন্ধ—এই বিতর্কের অবসান। শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়। এই ছুটির মধ্যে রয়েছে পবিত্র রমজান, শবেকদর, জুমাতুলবিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবসের ছুটি।
এর আগে পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশে স্থগিতাদেশ দেওয়ায় তৈরি হয়েছিল ধোঁয়াশা। দীর্ঘ আলোচনার পর অবশেষে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে চূড়ান্ত ঘোষণা দিল শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, কলেজগুলোতেও ঈদের ছুটি শুরু হয়েছে বুধবার থেকে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ। রমজান শুরু, আর সঙ্গে শুরু হলো শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘ ছুটি।