রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন—রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ভবনটিতে প্রয়োজনীয় সংস্কারকাজ চলছে।
সরকারি আবাসন পরিদফতর জানিয়েছে, সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) যমুনা ছাড়বেন। সংস্কার শেষ হলেই সেখানে উঠবেন প্রধানমন্ত্রী। বর্তমানে গুলশানের বাসভবন থেকে দাফতরিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় ও রমজানের ইফতার আয়োজন যমুনাতেই করতে চান প্রধানমন্ত্রী।
এদিকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য মিন্টো রোড, বেইলি রোড, গুলশান ও ধানমন্ডিতে সরকারি বাংলো বরাদ্দ সম্পন্ন হয়েছে। সংস্কার শেষে ঈদের পর তারা নিজ নিজ বাসভবনে উঠবেন। যমুনা কেন্দ্রিক নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা—রাজনৈতিক অঙ্গনে কি আসছে আরও বড় বার্তা?