বিশ্ববাজারে আবারও তেলের দাম অস্থির। মাত্র কয়েক দিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ১২০ ডলারে পৌঁছেছে। অনেকেই এটিকে সত্তরের দশকের ভয়াবহ জ্বালানি তেলসংকটের স্মৃতির সঙ্গে তুলনা করছেন। বর্তমানে বিশ্বে প্রতিদিন প্রায় ১০ কোটি ব্যারেল তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় দুই কোটি ব্যারেল তেল প্রতিদিন পরিবহন হয় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে। অর্থাৎ বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় ২০ শতাংশই এই সরু জলপথের ওপর নির্ভরশীল।
এই তেলের বড় অংশই যায় এশিয়ার দেশগুলোতে বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। তাই হরমুজ প্রণালি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে গেলে এশিয়ার অর্থনীতিগুলো সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে। বিশ্লেষকদের মতে, এই পথ পুরোপুরি বন্ধ হলে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল বিশ্ববাজার থেকে হারিয়ে যাবে—যা ১৯৭৩ সালের জ্বালানি সংকটের চেয়েও কয়েক গুণ বড় ধাক্কা হতে পারে।
যদিও কিছু বিকল্প পাইপলাইন ও কৌশলগত মজুত পরিস্থিতি সামাল দিতে পারে, তবুও আশঙ্কা করা হচ্ছে—তেলের দাম আকাশছোঁয়া হয়ে বৈশ্বিক মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে।