দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার—আর এই পাঁচজনই বিএনপির নেতা। শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন রুকুনোজ্জামান রোকন। রংপুর সিটি করপোরেশনে দায়িত্ব পেয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী। আর কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে মো. ইউসুফ মোল্লাকে।
জানা গেছে, নতুন প্রশাসকেরা স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশ অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। আগামীকাল থেকেই তাঁরা দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। এর আগে ঢাকার দুই সিটিসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল সরকার। এই নিয়োগের মাধ্যমে এখন পর্যন্ত দেশের এগারোটি সিটি করপোরেশনে প্রশাসক বসানো হলো। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে বিএনপি নেতা শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, সিটি করপোরেশন নির্বাচন না হওয়া পর্যন্ত রাজনৈতিক প্রশাসকেরাই দায়িত্বে থাকবেন।