শেষ হচ্ছে অমর একুশে বইমেলা। নানা আয়োজনের মধ্য দিয়ে আজ পর্দা নামছে দেশের সবচেয়ে বড় বই উৎসবের। সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নীতাই রায় চৌধুরী ঘোষণা দিয়েছেন—দেশের প্রতিটি উপজেলায় সরকারি পৃষ্ঠপোষকতায় পাঠাগার স্থাপন করা হবে। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে এবং নতুন প্রজন্মকে বইয়ের জগতে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।
তবে এবারের বইমেলার চিত্র ছিল ভিন্ন। নির্বাচন ও রমজানকে ঘিরে সময়সূচির জটিলতায় মেলা শুরু হয় দেরিতে, ২৫ ফেব্রুয়ারি। শেষ হচ্ছে আজ ১৫ মার্চ। মেলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৭ দিনে ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠানের বিক্রি হয়েছে প্রায় ৮ কোটি টাকা। গড়ে ৫৭০টি প্রতিষ্ঠানের মোট বিক্রি দাঁড়িয়েছে প্রায় ১৭ কোটি টাকা।
এদিকে বাংলা একাডেমির তথ্যমতে, এবার নতুন বই জমা পড়েছে প্রায় ১ হাজার ৭৭১টি। গত বছরের তুলনায় যা অনেক কম। প্রকাশক ও লেখকদের অনেকেই বলছেন, এবারের মেলায় পাঠক উপস্থিতি ও বই বিক্রি দুটোই ছিল হতাশাজনক। কারও মতে, বিক্রি হয়েছে গতবারের এক-তৃতীয়াংশ। তবে প্রতিকূলতার মধ্যেও কেউ কেউ আশার কথা শুনিয়েছেন। তাদের মতে, এবার যারা এসেছেন তারা মূলত প্রকৃত পাঠক—বই কিনতেই মেলায় ভিড় করেছেন।