পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ইসলামাবাদে এই বৈঠক শুরু হয়। দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
এর আগে বিকেল চারটা থেকেই পাকিস্তানি কর্মকর্তাদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান–প্রদান শুরু হয়। ইতিবাচক অগ্রগতি হলে সরাসরি আলোচনার পথ খুলতে পারে বলে জানা গেছে। ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল শনিবার সকালে সেখানে যায়। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন—পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলে ইরানে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি পরিষ্কার করার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। তার মতে, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে, এখন প্রধান ঝুঁকি সমুদ্র মাইন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর টানা চল্লিশ দিন সংঘাত চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি এখনো ভঙ্গুর। আলোচনা ব্যর্থ হলে আবার হামলা শুরুর হুমকিও দিয়েছেন ট্রাম্প।