হরমুজ প্রণালিকে নিরাপদ করতে সেখানে সমুদ্র মাইন অপসারণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রাম্পের দাবি, ইরান যেসব নৌকা দিয়ে মাইন ছড়িয়েছিল, তার ২৮টি ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, ইরানের বিমান ও নৌ সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনও ধ্বংস করা হয়েছে। এখন সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে সমুদ্র মাইন। তিনি অভিযোগ করেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফ্রান্সসহ বহু দেশ এই জলপথ ব্যবহার করলেও নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসেনি। যুক্তরাষ্ট্র নিজেই এই দায়িত্ব নিয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে। আলোচনায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি অন্যতম প্রধান শর্ত। তবে ইরানের পাতা অনেক মাইনের অবস্থান নিশ্চিত নয় বলে জানা গেছে, ফলে পথটি পুরোপুরি নিরাপদ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সময়ে বিভিন্ন দেশে জব্দ থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন ডলার ছাড়ার খবর নাকচ করেছে হোয়াইট হাউস। এই অর্থ নিয়ে আলোচনার গুঞ্জন থাকলেও ওয়াশিংটন তা অস্বীকার করেছে।