দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা—স্বাধীনতা পুরস্কার ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়।
এবারের তালিকায় সবচেয়ে আলোচিত নাম—প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতিতে তাকে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়েছে। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। এছাড়া মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, সমাজসেবা, ক্রীড়া ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য আরও ১৪ জনকে সম্মানিত করা হয়েছে।
প্রতিষ্ঠান বিভাগে রয়েছে—ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিতেই প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়—তবে এবারের তালিকা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।