মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র—ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনই কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। তার দাবি, মার্কিন নৌবাহিনী ইতোমধ্যেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে—কারণ ইরানের কার্যকর নৌ সক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে পাল্টা তীব্র প্রতিক্রিয়া এসেছে তেহরান থেকে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘প্রকৃত সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন—তাদের হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে—আর তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি ও নিরাপত্তা পরিস্থিতিতেও।