জাতীয় সংসদে তীব্র উত্তেজনা—মুখোমুখি অবস্থানে শফিকুর রহমান এবং ফজলুর রহমান। মুক্তিযোদ্ধা পরিবার ও রাজনৈতিক পরিচয় নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় এই বিতর্ক। সংসদে বক্তব্য দিতে গিয়ে ফজলুর রহমান বলেন—মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না, করলে তা ‘দ্বিগুণ অপরাধ’।
এই বক্তব্যের পরপরই ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির শফিকুর রহমান। তিনি বলেন, তার পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে—এটি ‘গুরুতর অপরাধ’। একই সঙ্গে কে কোন দল করবে, তা ব্যক্তিগত অধিকার—এ বিষয়ে হস্তক্ষেপের অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিতর্ক এতটাই তীব্র হয় যে সংসদে শুরু হয় হট্টগোল, এক পর্যায়ে কার্যক্রমও ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার, এবং বিতর্কিত বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আশ্বাস দেন। রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তাপ—এখন প্রশ্ন, এই বিতর্ক কোথায় গিয়ে থামে।