মধ্যপ্রাচ্যে আবারও বড় সংঘাতের আশঙ্কা—নতুন করে যুদ্ধ শুরু হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক সদর দপ্তরের ডেপুটি মোহাম্মদ জাফর আসাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সময় আবার সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। তার অভিযোগ—যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না। আগের অভিজ্ঞতাই বলছে, ওয়াশিংটনের ওপর ভরসা করার সুযোগ নেই। আসাদি আরও বলেন, মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও পদক্ষেপ মূলত গণমাধ্যমকেন্দ্রিক—তাদের লক্ষ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখা এবং নিজেদের তৈরি সংকট সামাল দেওয়া।
এদিকে, যেকোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আসাদির ভাষ্য—যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো ‘দুঃসাহস’ দেখায়, তাহলে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। অন্যদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার পরিকল্পনাও জানিয়েছে ইরান।
প্রায় দুই হাজার কিলোমিটার উপকূলজুড়ে এই নিয়ন্ত্রণ বাড়ানো হবে বলে জানানো হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়— ফলে এই অঞ্চলে উত্তেজনা মানেই বিশ্ববাজারে বড় প্রভাব। এরই মধ্যে নতুন চুক্তির প্রস্তাব দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। অচলাবস্থা কাটেনি— বরং দুই পক্ষের অবস্থান আরও কঠোর হয়েছে। সব মিলিয়ে, যুদ্ধবিরতির পরও শান্তি ফিরছে না—বরং মধ্যপ্রাচ্যে আবারও বড় সংঘাতের ছায়া ঘনিয়ে আসছে।