অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই দিলেন একাধিক বড় বার্তা। রোববার চেন্নাইয়ে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার এবং স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দেন তিনি। নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরে বিজয় বলেন, তৃণমূল থেকে উঠে আসায় জনগণ তাকে গ্রহণ করেছে।
তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার একটি বক্তব্য। বিজয় বলেন, আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না। আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে সরকার পরিচালনায় পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে চান নতুন মুখ্যমন্ত্রী।
শপথ নেওয়ার প্রথম দিনেই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সই করেন বিজয়। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের জন্য দুইশ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন।এছাড়া রাজ্যের আর্থিক অবস্থা তুলে ধরতে শিগগিরই একটি শ্বেতপত্র প্রকাশের কথাও জানিয়েছেন তিনি। এর আগে সরকার গঠনের অনুমতি নিতে শনিবার রাজভবনে যান থালাপতি বিজয়। সেখানে রাজ্যপাল তার জোটের সমর্থন যাচাই করেন। পরে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলে সরকার গঠনের অনুমতি দেওয়া হয়।
একটি সূত্র জানিয়েছে, অনুমতিপত্র পাঠিয়ে দেওয়ার কথা থাকলেও থালাপতি নিজেই রাজভবনে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন। পরে হাতে নিয়েই আমন্ত্রণপত্র নিয়ে বের হন তিনি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের এই উত্থান এখন ভারতজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।