রাজধানীর তেজগাঁওয়ে ভূমিসেবা মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আদালতগুলোতে এখন ৪৭ লাখের বেশি মামলা বিচারাধীন, যার বড় অংশই জমিজমা সংক্রান্ত। তাই বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তিই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, জমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা গেলে বিরোধ কমবে, কমবে হয়রানি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও। সরকার চায়, মানুষ যেন ভূমি সেবা নিতে গিয়ে আর অফিসে অফিসে ঘুরতে না হয়।
প্রধানমন্ত্রী জানান, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংগ্রহসহ বিভিন্ন সেবা এখন ডিজিটাল মাধ্যমে সহজ করা হচ্ছে। পাশাপাশি জমি বিরোধ মেটাতে গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থার ওপরও জোর দিচ্ছে সরকার। তিনি আরও বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেই কাজ করছে সরকার, আর ভূমিসেবা মেলা সেই অঙ্গীকারেরই অংশ।