ভারতের রাজনীতিতে নতুন নাটকীয় মোড়। লোকসভায় তৃণমূল কংগ্রেসের ২৮ সাংসদের মধ্যে ২০ জন সাংসদ দলীয় অবস্থান থেকে সরে এসে শাসক জোটকে সমর্থনের ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি উঠেছে।
সোমবার লোকসভার স্পিকারের কাছে এ বিষয়ে চিঠি জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিদ্রোহী সাংসদদের নেতৃত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও শতাব্দী রায়। সূত্র বলছে, বিদ্রোহীদের সংখ্যা দলত্যাগবিরোধী আইনের সীমা অতিক্রম করায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কঠিন হতে পারে। এ ঘটনায় লোকসভায় তৃণমূলের সংসদীয় নেতৃত্ব নিয়েও নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
ঘটনার সময় দিল্লিতেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোটের বৈঠকের মধ্যেই এই রাজনৈতিক অস্থিরতার খবর সামনে আসে। এদিকে বিদ্রোহী সাংসদদের একাংশের বৈঠক এবং পরবর্তী পদক্ষেপ ঘিরে পশ্চিমবঙ্গ ও জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনা।