ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধনী মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা। বিশ্বজুড়ে আলোচনার এই মুহূর্তের নায়ক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে পরিবেশনায় অংশ নেন তিনি। তবে শুধু পরিবেশনা নয়, নিজের পোশাকের মাধ্যমেও বিশ্বমঞ্চে তুলে ধরেন বাংলাদেশের পরিচয়।
সঞ্জয়ের বিশেষ জ্যাকেটের হাতায় ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবুজের বুকে লাল সূর্যের জাতীয় পতাকা। পরিবেশনার সময় বারবার সেই প্রতীকগুলোর দিকে ইঙ্গিত করে বাংলাদেশের উপস্থিতি বিশ্বদর্শকের সামনে তুলে ধরেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সেই দৃশ্য। অনেকেই বলছেন, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এ যেন বাংলাদেশের এক গর্বের মুহূর্ত।
এদিকে একই আয়োজনে নোরা ফাতেহি, কেটি পেরি, লিসা, মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারাসহ বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীরাও অংশ নেন। তবে বাংলাদেশের ছাপ রেখে বিশেষ আলোচনায় উঠে এসেছেন সঞ্জয় দেব।