ইসরাইলের রাজনীতিতে তীব্র উত্তেজনা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু যদি আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা করেন, তাহলে জনগণকে লাঠি-পাথর হাতে রাস্তায় নেমে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।
ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুদ্ধ দীর্ঘায়িত করে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারেন নেতানিয়াহু। কারণ যুদ্ধ শেষ হলে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার আরও গতি পাবে।
অন্যদিকে, ইসরাইলের প্রভাবশালী বিশ্লেষক গিডন লেভি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আর আগের মতো ইসরাইলকে ছাড় দেবে না। তার ভাষ্য, নেতানিয়াহু যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নষ্ট করেন, তাহলে নজিরবিহীন চাপে পড়তে পারে ইসরাইল। একদিকে নির্বাচন ঘিরে উত্তেজনা, অন্যদিকে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের সম্ভাব্য কঠোর অবস্থান—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দেখছেন বিশ্লেষকেরা।