হাইতির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করায় সমর্থকদের মনে তৈরি হয়েছিল শঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচেই বদলে যায় দৃশ্যপট।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই হাইতির জালে তিন গোল দেয় ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোলের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে স্বস্তির ব্যবধান গড়ে তোলে সেলেসাওরা। শেষ পর্যন্ত তিন-শূন্য গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর এই জয়ের পর সামনে এসেছে বিশ্বকাপের এক চমকপ্রদ পরিসংখ্যান। ইতিহাস বলছে, বিশ্বকাপে শেষ চারবার কোনো ম্যাচের প্রথমার্ধে তিন-শূন্য গোলে এগিয়ে থাকা ব্রাজিল প্রতিবারই উঠেছে আসরের ফাইনালে।
উনিশশ পঞ্চাশ বিশ্বকাপে দুইবার, এরপর উনিশশ আটানব্বই ও দুই হাজার দুই বিশ্বকাপে ঘটেছিল একই ঘটনা। যদিও উনিশশ পঞ্চাশে উরুগুয়ে এবং উনিশশ আটানব্বইয়ে ফ্রান্সের কাছে ফাইনালে হার মানতে হয়েছিল ব্রাজিলকে। তবে দুই হাজার দুই সালে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতে তারা।