হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা। একই সঙ্গে বাণিজ্যিক ও অন্যান্য জাহাজকে ওই এলাকায় না যাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তাদের দাবি, লেবাননে ইসরাইলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি নিয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রণালিতে প্রবেশকারী জাহাজের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করেছে তারা।
তবে এ নিয়ে ভিন্ন কথা বলেছে যুক্তরাষ্ট্র। দেশটির উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স জানিয়েছেন, হরমুজ প্রণালি এখনো খোলা রয়েছে এবং এটি বন্ধের কোনো প্রমাণ তাদের হাতে নেই। তার ভাষ্য, গতকালও এই নৌপথ দিয়ে এক কোটি ষাট লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে এবং জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে সত্যিই যদি হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।