ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ফিলিপ লাম। এক কলামে তিনি দাবি করেন, বিশ্বকাপকে কার্যত বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে ফুটবলের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমর্থকদের মধ্যে বাড়ছে অস্বস্তি।
টিকিটের উচ্চমূল্য, কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফার অভিযোগ এবং বিশ্বকাপ ঘন ঘন আয়োজনের প্রস্তাব নিয়েও প্রশ্ন তুলেছেন জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। তার মতে, একটি বিশ্বকাপের প্রভাব ধরে রাখতে পর্যাপ্ত প্রস্তুতি ও সময় প্রয়োজন। নতুন ক্লাব বিশ্বকাপ নিয়েও সমালোচনা করেন জার্মান কিংবদন্তি। তবে সবকিছু নেতিবাচক নয় বলেও উল্লেখ করেন তিনি। ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন লাম, যা অপেক্ষাকৃত ছোট দলগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করছে।