প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স। গরম থেকে স্বস্তি পেতে নদী ও জলাশয়ে নামতে গিয়ে গত কয়েক দিনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই অনিরাপদ ও তদারকিবিহীন স্থানে সাঁতার কাটতে গিয়েছিলেন। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রাণহানির ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তরুণরা।
এদিকে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সময়টি ছিল রেকর্ডের ইতিহাসে সবচেয়ে উষ্ণ রাত। গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফ্রান্সের ৫৪টি অঞ্চলে সর্বোচ্চ পর্যায়ের লাল সতর্কতা জারি করা হয়েছে। অতিরিক্ত গরমে স্কুলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও চাপে পড়েছে। শুধু ফ্রান্স নয়, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, জার্মানিসহ ইউরোপের বেশিরভাগ দেশই তীব্র তাপপ্রবাহের কবলে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক এই পরিস্থিতির পেছনে রয়েছে উষ্ণ বায়ু আটকে রাখা বিশেষ আবহাওয়াগত ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব।