মেসির রেকর্ড গড়া রাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অন্য একজন। তিনি ১০০ বছর বয়সী পউলিনে কানা, যিনি আর্জেন্টিনার জার্সি গায়ে ডালাসের গ্যালারিতে হাজির হয়ে মুহূর্তেই ভাইরাল হয়ে যান।হাতে ছিল একটি প্ল্যাকার্ড—‘আমার বয়স ১০০ বছর, আমি মেসির ভক্ত।’ সম্প্রচার ক্যামেরায় সেই দৃশ্য দেখানোর পর সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।
পউলিনে কানা যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি ‘গ্র্যানি স্মিথ’ ও ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামে পরিচিত একজন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা। নাতি রস স্মিথের সঙ্গে তৈরি মজার ভিডিওর মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। মেসির প্রতি তার ভালোবাসা নতুন নয়। গত বছর ক্লাব বিশ্বকাপে তিনি প্ল্যাকার্ড হাতে লিখেছিলেন, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ আরেকটি প্ল্যাকার্ডে ছিল, ‘মেসি, আমি তোমাকে ভালোবাসি, বয়স শুধু একটি সংখ্যা।’ শুধু সামাজিক মাধ্যমে নয়, গিনেস বিশ্ব রেকর্ডেও নাম আছে পউলিনে কানার। ৯৯ বছর বয়সে দর্শকদের কাঁধে ভেসে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি গড়েছিলেন অনন্য রেকর্ড। মেসির রেকর্ডের রাত তাই শুধু ফুটবলের নয়, এক শতবর্ষী ভক্তের অদম্য ভালোবাসার গল্পও হয়ে রইল।