বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সই হয়েছে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক। বৃহস্পতিবার বিকেলে চীনের ঐতিহাসিক গণমহলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। লালগালিচা সংবর্ধনা, সশস্ত্র সালাম এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্পন্ন হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা।
পরে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ ও চীন। এদিন চীনের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিনিয়োগ বিষয়ক এক বিশেষ আলোচনায়ও অংশ নেন তিনি। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সংশ্লিষ্টদের মতে, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।