শনিবার শুরু হচ্ছে ইরানের ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা। কোটি মানুষের সমাগমের প্রত্যাশার মধ্যেই দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা, আর জানাজা ঘিরে দেওয়া হয়েছে ‘রক্তের বদলার’ বার্তা। আগামী ৪ জুলাই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার মধ্য দিয়ে শুরু হচ্ছে ছয় দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান।
দেশটির পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দলে দলে জানাজায় অংশ নিয়ে পুরো বিশ্বকে খামেনির রক্তের বদলা নেওয়ার বার্তা দিতে হবে। তিনি বলেন, ইরান কোনো অন্যায়ের সামনে নতি স্বীকার করবে না।
জানাজা শুরু হবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে। এরপর শোকযাত্রা যাবে কোম, নজফ ও কারবালা হয়ে আগামী ৯ জুলাই খামেনির নিজ শহর মাশহাদে, যেখানে তাকে দাফন করা হবে। কর্তৃপক্ষের ধারণা, এই আয়োজনে দেড় থেকে দুই কোটি মানুষ অংশ নিতে পারেন। এছাড়া ৩০টির বেশি দেশের প্রতিনিধি এবং প্রায় ৯০টি দেশের ধর্মীয় নেতার উপস্থিতির কথা জানানো হয়েছে। এদিকে এত বড় আয়োজনকে ঘিরে ইরানের স্থল, নৌ, বিমান ও আকাশ প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।