ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হতেই কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ফেলিপে মেলোর দাবি, নরওয়ের বিপক্ষে শুরু থেকেই নেইমারকে না খেলানো ছিল বড় ভুল। তার মতে, বিশ্বের অন্যতম সফল কোচ হিসেবে আনচেলত্তি এই হারের দায় এড়িয়ে যেতে পারেন না।
মেলো বলেন, ইনজুরির কারণে একজন খেলোয়াড় ছিটকে যাওয়ার পরও শুরুতেই নেইমারকে নামানো উচিত ছিল। প্রথমার্ধে নেইমার মাঠে থাকলে পেনাল্টি থেকে গোল হতে পারত, আর তাতেই ম্যাচের চিত্র বদলে যেতে পারত। ম্যাচের শুরুতেই পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। পরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন নেইমার। যোগ করা সময়ে তিনি পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত দুই–এক গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র জানিয়েছেন, প্রথম পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত ছিল কোচের। তিনি বলেন, দায়িত্ব এড়িয়ে যাননি, বরং কোচের নির্দেশ মেনেই ব্রুনোর হাতে বল তুলে দিয়েছিলেন।